Logo
table-post
মোল্লাহাটে শিশু নির্যাতন প্রতিরোধে ইনসিডিন বাংলাদেশের সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00

মোল্লাহাট  প্রতিনিধি
মোল্লাহাটে শিশুদের প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার গাড়ফা এলাকায় ইনসিডিন বাংলাদেশ কার্যালয়ে সংস্থাটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে শিশু নির্যাতনের বিভিন্ন দিক, বিশেষ করে পরিবার ও সামাজিক পরিসরে সংঘটিত নির্যাতনের ঘটনা, এসব ঘটনা প্রকাশে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং শিশুদের সুরক্ষায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।


এ সময় ইনসিডিন বাংলাদেশের ‘স্পিক আপ’ প্রকল্পের আওতাধীন শিশু ও যুব প্রতিনিধিদের পক্ষ থেকে শিশু নির্যাতন প্রতিরোধ, শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন সুপারিশসহ লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। শিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনসিডিন বাংলাদেশের কর্মকর্তা মইন খান। এ সময় যুব প্রতিনিধি প্রিয়াস সরকার ও শিশু প্রতিনিধি শেখ মারিয়া বক্তব্য উপস্থাপন করেন।


সংবাদ সম্মেলনে প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন, সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহসভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ, প্রশাসন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

@bagerhat24.com