শকুন সংরক্ষণে সুন্দরবনে ‘সেভ’-এর সম্মেলন শুরু, নেতৃত্বে বাংলাদেশ
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
এশিয়ার বিপন্ন শকুনদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করার আন্তর্জাতিক জোট ‘সেভিং এশিয়াস ভালচারস ফ্রম এক্সটিংশন’ (SAVE)-এর ১৩তম বার্ষিক সম্মেলন সুন্দরবনে শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত। এবারই প্রথম সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে একটি জাহাজে এই আন্তর্জাতিক সম্মেলনের আসর বসেছে। এতে বাংলাদেশসহ ১০টিরও বেশি দেশের ৪৫ জনের অধিক সংরক্ষণবিদ, বিজ্ঞানী, পশুচিকিৎসক, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ বনবিভাগ। এতে সহযোগী হিসেবে রয়েছে আইইউসিএন (IUCN) বাংলাদেশ, স্কোপ (SCOPE) ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (RSPB) এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এছাড়া সম্মেলনটি আয়োজনে সহায়তা করেছে দ্য পেরেগ্রিন ফান্ড এবং দ্য রাফোর্ড ফাউন্ডেশন।
উল্লেখ্য, এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ২০১১ সালে প্রতিষ্ঠিত জোট ‘সেভ’ বর্তমানে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় কাজ করছে। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল—এবার তৃতীয়বারের মতো বাংলাদেশ এই আয়োজনের স্বাগতিক হলো।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বনবিভাগের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংরক্ষণবিদ ইনাম আল হক। অধিবেশনে সভাপতিত্ব করেন সেভ (SAVE)-এর চেয়ার মিস জেমিমা প্যারি-জোনস এবং স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী বলেন, শকুন সংরক্ষণে বাংলাদেশ আজ আঞ্চলিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বাংলাদেশের যুগান্তকারী পদক্ষেপ ও চলমান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
যেমন-২০১০ সালে পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক নিষিদ্ধকরণ এবং ২০২১ সালে এশিয়ার প্রথম দেশ হিসেবে পশু চিকিৎসায় কিটোপ্রোফেন নিষিদ্ধকরণ। ২০১৪ সালে দেশে দুইটি 'শকুন নিরাপদ এলাকা' (ভালচার সেফ জোন) ঘোষণা করা হয়। শকুনের জন্য সম্পূরক খাদ্য সরবরাহ, সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা এখনই প্রয়েজন বলে মনে করেণ আয়োজকরা।
সুন্দরবনে এই সম্মেলনের আয়োজন করা বিশেষ তাৎপর্য বহন করে, কারণ বিশ্বের বৃহত্তম এই অখণ্ড ম্যানগ্রোভ বনটি মহাবিপন্ন প্রজাতির বাংলা শকুন রয়েছে। বাংলাদেশের অবশিষ্ট দুইটি প্রজনন কলোনির একটির আবাসস্থল এবং এটি দেশের দ্বিতীয় 'শকুন নিরাপদ এলাকা'র কেন্দ্রস্থলে অবস্থিত।
আইইউসিএন ও বন বিভাগের তথ্য অনুযায়ী, চার থেকে পাঁচ দশক আগেও বাংলাদেশে প্রায় ৫০ হাজার শকুন ছিল, যা ক্ষতিকর পশুচিকিৎসা ওষুধ ও আবাসস্থল সংকটের কারণে কমে বর্তমানে মাত্র ২৪৮টির মতো টিকে আছে। সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী ও লাউডোবসহ বিভিন্ন এলাকা এবং সিলেট অঞ্চলে বর্তমানে এদের বিচরণ দেখা যায়। সরকারের নানামুখী উদ্যোগের ফলে বর্তমানে শকুন কমে যাওয়ার হার স্থিতিশীল পর্যায়ে এসেছে।
প্রধান বন সংরক্ষক আমির হোসোন চৌধুরী আরো জানান, দুই দিনব্যাপী সম্মেলনে প্রতিনিধিরা সমগ্র এশিয়ায় শকুন সংরক্ষণের অগ্রগতি পর্যালোচনা এবং বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় করবেন। পশুচিকিৎসা ওষুধের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিষক্রিয়া প্রতিরোধ, শকুনের প্রজনন ও সংখ্যা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত সংরক্ষণসহ উদীয়মান চ্যালেঞ্জ ও অগ্রাধিকারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মত প্রকাশ করেণ, শকুন প্রায়ই দেশের সীমানা অতিক্রম করে চলাচল করায় এদের দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সেভ (SAVE)-এর বার্ষিক সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করতে, অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকারগুলো চিহ্নিত করতে এবং এশিয়ার শকুনদের বিলুপ্তি রোধে সম্মিলিত পদক্ষেপ ত্বরান্বিত করতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
