Logo
table-post
মোংলায় ২ কোটি ১১ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগে আদালতে ব্যবসায়ী
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

মোংলায় ব্যবসায়িক প্রকল্পে বিনিয়োগ করা ২ কোটি ১১ লাখ ২৯ হাজার ৮৪৩ টাকা এবং এর বিপরীতে প্রাপ্য লভ্যাংশের হিসাব না দেওয়ার অভিযোগ উঠেছে। পাওনা অর্থ ফেরত চাওয়ার পর উল্টো প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামরুল হাসান চৌধুরী।

গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় তাঁর জবানবন্দি গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্ট বিবরণে উল্লেখ রয়েছে।

জবানবন্দি প্রদানকারী কামরুল হাসান চৌধুরীর বয়স ৩৩ বছর। তিনি মোংলার বাতেন সড়ক এলাকার বাসিন্দা।

জবানবন্দিতে তিনি জানান, ২০২৪ সালের ২৯ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ মে পর্যন্ত এ বিরোধের ঘটনা ঘটে। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মোংলা ইপিজেড-সংলগ্ন একটি ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে তাঁর অভিযোগ। এ ঘটনায় সিম্যান্টেক লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে আসামি করা হয়েছে।

কামরুল হাসানের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ২৯ আগস্ট একটি ডিড সম্পাদিত হয়, যার রেজিস্ট্রি নম্বর ০৯। ওই দলিলে তিনি নিজে এবং ১, ২ ও ৪ নম্বর আসামি স্বাক্ষর করেন। অপরদিকে, ৫ নম্বর আসামি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মুঠোফোনে সম্মতি জানিয়েছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

জবানবন্দিতে আরও বলা হয়, বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন তাঁকে আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন। পরে ২০২৬ সালের ৩০ মে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সাক্ষীদের সামনে কামরুল হাসান তাঁর বিনিয়োগ করা ২ কোটি ১১ লাখ ২৯ হাজার ৮৪৩ টাকা এবং প্রাপ্য লভ্যাংশের হিসাব দাবি করেন।

তবে তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকা ফেরত দিতে কিংবা বিনিয়োগ ও লভ্যাংশের হিসাব দিতে অস্বীকৃতি জানান। পাশাপাশি প্রকল্পের অর্থ বিনিয়োগ নিয়ে মামলা করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও জবানবন্দিতে দাবি করেছেন তিনি।

কামরুল হাসান জানান, পরবর্তীতে বিষয়টি সমাধানের জন্য একাধিকবার চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি। মীমাংসার উদ্যোগ ব্যর্থ হওয়ায় আদালতের দ্বারস্থ হতে তাঁর বিলম্ব হয়েছে বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় ন্যায়বিচার এবং বিনিয়োগ করা অর্থ ও প্রাপ্য লভ্যাংশের হিসাব পাওয়ার প্রত্যাশা জানিয়েছেন ব্যবসায়ী কামরুল হাসান চৌধুরী।

 

 

 

@bagerhat24.com