মোরেলগঞ্জে সরকারি বালিকা বিদ্যালয়ে নেই কোন নারী শিক্ষক
01/01/1970 12:00:00মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ
বাগেরহাটের ঐতিহ্যবাহী মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের পাশাপাশি নেই কোন নারী শিক্ষক ।
যার কারনে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এখানে ৪৮০ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছে মাত্র ৬ জন।
জানাগেছে, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষক-শিক্ষিকার ১৮ টি পদ থাকলেও দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষকের পদ শুণ্য রয়েছে। অফিস সহকারীর দুটি পদ থাকলেও তা শূণ্য। চতুর্থ শ্রেণির কর্মচারীর ৫ টি পদের ৫ টিই শূন্য।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সহকারী শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম । প্রশাসনিক দায়িত্ব পালনসহ অফিস সহায়কের কাজ করতে গিয়ে তার পেক্ষে পাঠদান করা সম্ভব হচ্ছে না। বাকি ৫ জন শিক্ষকের মধ্যে দুজন ইসলাম ধর্মীয় শিক্ষক, একজন ভূগোল, একজন কৃষি ও একজন ইংরেজি শিক্ষক। এই ৫ জন শিক্ষক দিয়েই চলছে ৪৮০ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম। ১৯৮৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এ বিদ্যালয়টিকে সরকারিকরণ করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, সরকারিকরণের পূর্ব থেকে স্থানীয় শিক্ষক-শিক্ষিকা থাকায় বিদ্যালয়টি বেশ ভালোভাবে চলে আসছিল। ২০১৯ সাল থেকে পর্যায়ক্রমে স্থানীয় ৮/১০ জন শিক্ষক অবসরে যাওয়ায় শিক্ষক সংকট চরম আকার ধারণ করায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এ বিষয় সংশ্লিষ্ট উর্ধ্বতন দপ্তরে বার বার আবেদন নিবেদন করেও কোন শিক্ষক পাওয়া যায়নি।
২০২৪ সাল থেকে মাত্র ৬ জন শিক্ষক দিয়ে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। একজন শিক্ষকের প্রতিদন সাতটি করে ক্লাশ নিতে হচ্ছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে দুটি করে বিভাগ থাকলেও শিক্ষক সংকটের কারনে দুটি বিভাগকে একিভূত করে পাঠ দান করা হচ্ছে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, গণিত, ব্যবসা বিজ্ঞান, ভৌত বিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক-শিক্ষিকা, অফিস সহায়ক, নৈশপ্রহরী ও আয়া সব মিলিয়ে এ বিদ্যালয়টিতে বর্তমানে ১৯টি পদ শূন্য রয়েছে। এটি একটি বালিকা বিদ্যালয় হলেও নেই কোন নারী শিক্ষক। ফলে নারী শিক্ষার্থীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
একজন শিক্ষার্থীর পিতা এইচ এম শহিদুল ইসলাম বলেন, আমার তিন মেয়ে সরকারি বালিকা বিদ্যালেয়ের শিক্ষার্থী। শিক্ষক সংকটের কারনে শিক্ষার্থীদের লেখাপড়া দারুনভাবে ব্যাহত হচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের রেজাল্ট ভালো হবেনা। অচিরেই শিক্ষক সংকট না কাটলে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, আমি আশাকরি নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হলে আমরা শিক্ষক পাব।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, শিক্ষকের জন্য কর্তৃপক্ষেরে কাছে বার বার চিঠি দেয়া হয়েছে। উপকুলীয় উপজেলা হওয়ায় এখানে কোন শিক্ষক অসতে চাচ্ছেনা। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে শিক্ষক পাওয়া যায়।
