বাগেরহাটে ১৫ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন চায় দুই ফ্রন্ট
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বাগেরহাট জেলা শাখা।
বুধবার (১৮ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে সংগঠন দুটির বাগেরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়। বাগেরহাট জেলা শাখার সভাপতি প্রদীপ বসু সন্তুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত মজুমদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে শিমুল চন্দ্র রায় ও গোবিন্দ হালদার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ৩১ দফার আলোকে ধানের শীষ প্রতীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। নেতৃবৃন্দ দাবি করেন, এর ধারাবাহিকতায় বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়।
লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ আরও বলেন, জেলার ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীদের মধ্য থেকে জনপ্রিয় ব্যক্তিদের ১৫টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাগেরহাট জেলা ও স্ব-স্ব উপজেলার নীতিনির্ধারণী মহলের নিকট তারা আবেদন জানাচ্ছেন।
সংবাদ সম্মেলনে প্রথম পর্যায়ে ৭টি উপজেলার ১২টি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীদের নাম প্রকাশ করা হয়।
মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন ও সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা:
চিতলমারী উপজেলা:চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ: জহর লাল সরকার, অ্যাডভোকেট অসীম কুমার সমদ্দার ও কাশীনাথ বৈরাগী, সন্তোষপুর ইউনিয়ন পরিষদ: মানবেন্দ্র মজুমদার।
কচুয়া উপজেলা: মঘিয়া ইউনিয়ন পরিষদ: উজ্জ্বল কুমার দাস, রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের গৌতম রায় মনা।
রামপাল উপজেলা: হুড়কা ইউনিয়ন পরিষদ: আকাশ মন্ডল ও অ্যাডভোকেট দ্বীপিন্দু বসু।
মোংলা উপজেলা:বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ: পংকজ বিশ্বাস, মিঠাখালী ইউনিয়ন পরিষদ: রাহুল হাওলাদার ।
ফকিরহাট উপজেলা: মূলঘর ইউনিয়ন পরিষদ: শুভ গোলদার (সুব্রত)।
মোল্লাহাট উপজেলা: গাউলা ইউনিয়ন পরিষদ: অ্যাডভোকেট সমর পাড়ে।
মোড়েলগঞ্জ উপজেলা: বনগ্রাম ইউনিয়ন পরিষদ, হোগলাপাশা ইউনিয়ন পরিষদ এবং জিউধরা ইউনিয়ন পরিষদ (প্রার্থীদের নাম পরবর্তীতে জানানো হবে)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাকি ৩টি ইউনিয়ন ও প্রার্থীদের নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ সময় বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
