Logo
table-post
মোংলা ও শরণখোলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলার মোংলা ও শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ক ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

​গত সোমবার ও মঙ্গলবার (০৯ ও ১১ নভেম্বর ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় পর্যায়ক্রমে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা দুটি অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ সভাপতিত্ব করেন।

​সভায় মোংলা উপজেলার ৬টি এবং শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সভায় গ্রাম আদালত কার্যক্রমের বর্তমান অগ্রগতি পর্যালোচনা, করণীয় নির্ধারণ এবং আদালতের রেজিস্টার ও বিভিন্ন ফরম-ফরমেট বিতরণ করা হয়। এছাড়া ত্রৈমাসিক কার্যক্রম উপস্থাপনের মাধ্যমে গ্রাম আদালতে মামলার সংখ্যা বাড়ানোর বিষয়ে বিশেষ পরামর্শ দেওয়া হয়।

​উপজেলা নির্বাহী অফিসারগণ অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় ইউনিয়নভিত্তিক বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে—মাসের নির্দিষ্ট সময়ে নিয়মিত মামলার প্রতিবেদন দাখিল করা, প্রতিটি ইউনিয়ন থেকে প্রতি মাসে কমপক্ষে পাঁচটি করে মামলা নিবন্ধনের টার্গেট পূরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ প্রদান করা হয়।

​সভায় আরও গুরুত্বারোপ করে বলা হয়, গ্রাম আদালতের ওপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বাড়াতে প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রচারণা কার্যক্রম আরও জোরদার করতে হবে।

​বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মোরেলগঞ্জ, মোংলা ও শরণখোলা উপজেলার উপজেলা সমন্বয়কারী সুশান্ত রায়ের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

@bagerhat24.com