সাগরপাড়ে দুবলার চরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক, দ্বিতীয় দিনেও মেলেনি সন্ধান
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
বঙ্গোপসাগর পাড় সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মো: রিয়াজ আহমেদের (২৮) সন্ধান দ্বিতীয় দিনেও মেলাতে পারেনি উদ্ধারকারী দল। তাকে উদ্ধারে শনিবার (৭ নভেম্বর) দিনভর সাগরের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড দুবলা ষ্টেশন ও বন বিভাগ।
এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে দুবলার চরের আলোরকোল সমুদ্র সৈকতে গোসল করার সময় সাগরের প্রবল স্রোতের টানে তলিয়ে যান তিনি। নিখোঁজ রিয়াজ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাষার ঢালীর ছেলে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের পাস নিয়ে ১৯ জন পর্যটকসহ ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি কাঠের তৈরি লঞ্চ ভ্রমনের জন্য সুন্দরবনে প্রবেশ করে। বিভিন্ন এলাকা ভ্রমণ শেষে শুক্রবার দুপুরে লঞ্চটি দুবলার চরের আলোরকোলে নোঙর করে।
লঞ্চ থেকে ট্রলারে চড়ে পর্যটকরা গোসলের জন্য সৈকতে নামেন। সেখানে রিয়াজসহ তিনজন সমুদ্রে গোসল ও সাঁতার কাটতে নামলে সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ হঠাৎ তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে সহপাঠিরা খোঁজা খুঁজি শুরু করে না পেয়ে চেচামেচি শুরু করে সাথে থাকা অন্য পর্যটকরা।
তৎক্ষনিক আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা দ্রুত ট্রলার নিয়ে উদ্ধারে নামলেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেয় কোস্ট গার্ড পশ্চিম চোন ও বন বিভাগ। তবে রাতে প্রচণ্ড ঢেউ ও অন্ধকার নেমে আসায় উদ্ধার তৎপরতা সাময়িক ব্যাহত হয়।
আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো: জাকির শেখ জানান, পর্যটকেরা সমুদ্রে নেমে সাঁতার কাটার একপর্যায়ে ঢেউয়ের তোড়ে একজন তলিয়ে যান। জেলেরা তাৎক্ষণিকভাবে স্পিডবোট ও ট্রলার নিয়ে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো হদিস মেলেনি।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো: আবুল কাশেম জানান, খবর পাওয়ার পর থেকেই কোস্ট গার্ডের টহল দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
সুন্দরবন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্ট রেঞ্জার মো: খলিলুর রহমান জানান, শনিবার দুপুর পর্যন্ত কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে সম্ভাব্য বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়েছেন। নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
