মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বাগেরহাট পুলিশ সুপারের কঠোর হুঁশিয়ারি
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
মাদক, চাঁদাবাজি, অনলাইন জুয়া, সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম। তিনি বলেছেন, বাগেরহাটকে শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে।
রোববার (১ নভেম্বর) রাতে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে পুলিশ সুপার জানান, এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বাগেরহাটকে মাদকমুক্ত করতে পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও চাঁদাবাজির মতো অপরাধ প্রতিরোধে পুলিশ সক্রিয় থাকবে। অপরাধীর পরিচয় বা অবস্থান বিবেচনা না করে অপরাধকে অপরাধ হিসেবেই দেখা হবে।
নিজের দায়িত্ব পালনের বিষয়ে দৃঢ় অবস্থান তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নিয়ে বসে থাকার জন্য তিনি এখানে আসেননি। কাজ করতে না পারলে দায়িত্বে থাকারও প্রয়োজন নেই।
একটি নিরাপদ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। তাঁর মতে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে সাংবাদিকরা পুলিশকে সহায়তা করতে পারেন। পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন।
সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, সাবেক সভাপতি অধ্যাপক মোশারেফ হোসাইন, সাংবাদিক মোল্লা মাসুদুল হক, আলী আকবার টুটুল ও এস এস সোহানসহ অন্যরা।
