আইন নিজের হাতে তুলে নিলে দেশ সমৃদ্ধ হয় না: আইজিপি আলী হোসেন ফকির
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
"নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার কোনো বিকল্প নেই। আইন নিজের হাতে তুলে নিলে দেশ সমৃদ্ধ হয় না," বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির।
রোববার (বাগেরহাট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত) বাগেরহাটে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত এক বিশাল "কমিউনিটি পুলিশিং সমাবেশ"-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যোগদানের শুরুতেই প্রধান অতিথি পুলিশিং প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।
বাগেরহাটের জেলা পুলিশ সুপার মো: জামিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মাদ বাতেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মো: আলী হোসেন ফকির আরও উল্লেখ করেন, কেবল পুলিশের একক প্রচেষ্টায় সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সাধারণ জনগণ ও পুলিশের যৌথ উদ্যোগ এবং পারস্পরিক আস্থাই পারে একটি নিরাপদ ও সুশাসিত সমাজ গড়ে তুলতে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল করিম, জেলা প্রশাসক গোলাম মোহাম্মাদ বাতেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: আবু সাইদ (শুনু) সমাজ থেকে অপরাধ দমনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিভিন্ন উপজেলা পুলিশিং কমিটির আহ্বায়ক শেখ সিদ্দিকুর রহমান, এস এম আবদুল্লাহ ও মো: ওহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও দুর্নীতি চিরতরে নির্মূল করতে দলমত নির্বিশেষে সকলকে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। একই সাথে তৃণমূল ও মাঠ পর্যায়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সমাবেশ শেষে প্রধান অতিথি ও উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে অংশ নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
