Logo
table-post
কচুয়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক ব্যক্তির
01/01/1970 12:00:00

কচুয়া  প্রতিনিধি
কচুয়া উপজেলার প্রতাপপুর গ্রামে কচুরিপানার নিচ থেকে আমজাদ শেখ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 


শনিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তার দিয়ে তৈরি ফাঁদে জড়িয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত আমজাদ শেখ চোমরা গ্রামের জলির শেখের ছেলে। তিনি প্রতাপপুর গ্রামে বসবাস করতেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আমজাদ শেখ। রাতে বাড়ি ফিরে না আসায় ভোরে পরিবারের সদস্যরা আশপাশের লোকজনকে সঙ্গে নিয়ে তাঁর খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর মাঠের পাশে কচুরিপানা এলোমেলো অবস্থায় দেখতে পান তাঁরা। পরে কচুরিপানা সরিয়ে আমজাদ শেখের মরদেহ দেখতে পান এলাকাবাসী।
এ সময় প্রতাপপুর গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে মাহবুব মোল্লা ওরফে ফেলু ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তবে এ বিষয়ে তাঁর সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাদীর অভিযোগ এবং ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
 

@bagerhat24.com