মোংলা আজ সাক্ষী হলো, ভালোবাসাই সব প্রটোকলের ঊর্ধ্বে
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
মোংলায় আজ কোনো রাজনৈতিক সভা ছিল না, ছিল না মঞ্চ। ছিল শুধু একজন মানুষকে এক নজর দেখার আকুলতা।
মোংলা বন্দরে কালো গাড়ির বহর ঢুকছে। সামনে পেছনে পুলিশের গাড়ি, কড়া নিরাপত্তা, নিখুঁত প্রটোকল। সব কিছুই প্রস্তুত ছিল নিয়ম মেনে। কিন্তু মোংলার মানুষের জন্য সব নিয়ম ভেঙে ভালোবাসা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বন্দরের সামনে গাড়ির বহর থামতেই রাস্তার দুই পাশে তিল ধারণের জায়গা নেই। শত শত মানুষ ছুটে আসছে। কারো হাতে মোবাইল উঁচু করে ভিডিও, কারো মুখে স্লোগান প্রিয় নেতা, প্রিয় প্রধানমন্ত্রী। কালো লেক্সাস গাড়ির কাঁচের দিকে বাড়িয়ে দিচ্ছে হাত, শুধু একটু ছোঁয়ার আশায়।
নিরাপত্তা বাহিনী অনেক চেষ্টা করেও ভিড় সামলাতে পারছিল না। ঠিক তখনই ঘটলো সেই অবাক করা মুহূর্ত।
সব প্রটোকল ভেঙে গাড়ির দরজা খুলে রাস্তায় নেমে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কালো কাঁচের বাধা সরে গেল নিমিষেই। তিনি হাঁটলেন, হাত নাড়লেন, হাসলেন, মিশে গেলেন মোংলার সাধারণ মানুষের ভিড়ে।
সেই মুহূর্তে তিনি প্রধানমন্ত্রী নন, তিনি জনগণের তারেক রহমান। ক্ষমতার দূরত্ব ঘুচে গিয়ে সেখানে রইল শুধু একজন মানুষ আর তার দেশের জনগণ ও দলীয় নেতা কর্মীরা।
যুবদল কর্মী রবিন চৌধুরী আবেগ ধরে রাখতে পারেননি। প্রধানমন্ত্রীর সাথে দুর থেকে সেলফি তুলে ফেসবুকে লিখেছেন, "আমাদের বিএনপির চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখে আমি আনন্দে উচ্ছ্বসিত। এটাই আমাদের নেতা।
মোংলার বাতাসে আজ একটাই কথা প্রটোকল দিয়ে ক্ষমতা আটকে রাখা যায়, ভালোবাসা আটকানো যায় না। মোংলা আজ সাক্ষী হলো, ভালোবাসাই সব প্রটোকলের ঊর্ধ্বে।
