Logo
table-post
মোল্লাহাটে ৮২ মন্ডপে দুর্গোৎসব, আকর্ষণ ১০১ প্রতিমার এক মন্ডপ
01/01/1970 12:00:00

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট

দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা। তাইতো দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটের মোল্লাহাটের প্রতিমা তৈরির কারিগররা। চলতি বছর উপজেলার মোট ৮২টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। রাত দিন মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এবারের বিশেষ আকর্ষণ একটি পূজা মন্ডপে ১০১ প্রতিমা

একেবারেই দোরগোড়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। শরৎ এলেই যেন মনে দোলা দেয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের। চলতি বছর উপজেলার মোট ৮২টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। তাইতো দিন রাত মন্ডপে মন্ডপে দেবী দুর্গা, কার্তিক, গনেশ, লক্ষ্মী, সরস্বতীসহ  প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা।


হাতে সময় কম, তাই দিন রাত ক্লান্তিহীনভাবে কাজ করছেন প্রতিমার তৈরির শিল্পীরা। কাদামাটি দিয়ে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমায় ভরে উঠছে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির। চলছে প্রতিমাগুলোতে রং ও তুলির কাজ। প্রতিটি প্রতিমা তৈরিতে আকার ভেদে কারিগররা মজুরি নিচ্ছেন ২০ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত। 

তবে এবারের দুর্গোৎসবে মোল্লাহাটের বড় গাওলা তেঁতুলতলা সার্বজনীন দুর্গা মন্দির মূল আকর্ষণ হয়ে উঠেছে একটি বিশেষ পূজা মন্ডপ, যেখানে এককভাবে স্থাপন করা হচ্ছে ১০১টি প্রতিমা। ধর্মীয় উপাখ্যান, পুরাণের নানা চরিত্র ও বৈচিত্র্যময় রুপে সাজানো এসব প্রতিমা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হবে বলে আশা করছেন আয়োজকরা।


মোল্লাহাটের বড় গাওলা তেঁতুলতলা সার্বজনীন দুর্গা মন্দিরের আয়োজক কমিটির সাধারন সম্পাদক লেলিন অধিকারী জানান, এবছর মোল্লাহাটে এই প্রথম আমরা ১০১ প্রতিমা নির্মাণ করেছি। এখন রঙের কাজ চলছে। আমরা আশা করছি এবছর প্রচুর দর্শনার্থী আমাদের পূজা মন্ডপে পূজা দেখতে আসবে। সামনে বছর আরো বড় পরিসরে দুর্গা পূজার আয়োজন করবো।

উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক কল্লোল বিশ্বাস পলু জানান, এবছর ৮২ টি পুজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সবচেয়ে বড় পূজা হবে উপজেলার বড় গাওলা তেঁতুলতলা সার্বজনীন দুর্গা মন্দিরে। মোল্লাহাট একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। এখানে আনন্দমুখর ও সাড়ম্বরে পূজা অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে নিচ্ছদ্র নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।

বড় গাওলা তেঁতুলতলা সার্বজনীন দুর্গা মন্দিরের ভাস্কর লক্ষন রায় জানান, এবছর মন্দিরে ১০১ প্রতিমা তৈরী করেছি। শেষ মুহুর্তে রঙের কাজ চলছে। কিন্তু বর্তমানে জিনিস পাত্রের দাম অনেক বেশী যার কারণে আমাদের তেমন লাভ থাকেনা। বাপ দাদার এই পেশা ধরে রাখার জন্য এখনো কাজ করছি। না হলে পেশা ছেড়ে অন্য পেশায় চলে যেতাম।

মন্ডপে মন্ডপে প্রতিমা শিল্পীদের নিপুণ তুলির ছোঁয়ায় পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে দেব-দেবীর মৃন্ময় মূর্তিগুলো। ঢাকের বাদ্য, সাউন্ড সিস্টেমের প্রস্তুতি এবং বর্ণিল আলোকসজ্জায় পুরো মোল্লাহাট উপজেলা জুড়েই এখন বইছে উৎসব মুখর পরিবেশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদৎ হোসেন জানান, এবছর ৮২ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা থানা পুলিশের পক্ষ থেকে বিট অফিসার দিয়ে নিয়মিত টহল, পরিদর্শন ও স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রস্তুত আছি। ইতোমধ্যে উপজেলা পুজা উদযাপন পরিষদ ও পুজা উদযাপন ফ্রন্টের সাথে মিটিং করেছি। আমি নিজেও বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছি। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বদা প্রস্তুত আছি।
 

@bagerhat24.com