ফকিরহাটে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে উন্মুক্ত আলোচনা, মন্দিরে সিসি ক্যামেরার তাগিদ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার প্রায় সাড়ে ৫শ বছরের ঐতিহ্যবাহী সাধের সাধুর বটতলা মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এতে ফকিরহাট মডেল থানা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির ও পূজা কমিটির প্রতিনিধিরা অংশ নেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজউল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ ও গোলাম মোস্তফা।
ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় সভায় পুলিশের এসআই ভবতোষ কুমার, এসআই ওহিদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে প্রদীপ ভট্টাচার্য, মিলন দাশ, সহাদেব দাশ, সত্যরঞ্জন হালদার, রাজিব বাছাড়, কালিপদ দাশ ও শিবনাথ রায়সহ অনেকে সভায় অংশ নেন।
আলোচনা সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভায় শুভদিয়া, বেতাগা, লখপুর ও পিলজংগ ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্দির কমিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ পূজামণ্ডপের নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দুর্গাপূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এ জন্য পূজা কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
