তিন দিন পর খাল থেকে উদ্ধার ছাত্র রাফির মরদেহ, হত্যার সন্দেহ
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটের শরণখোলায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাফি আকন নামে ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বাড়ির পেছনের দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত রাফি আকন দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা জসিম আকনের ছেলে। সে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফি নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে গত শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চলছিল। তিন দিন পর বাড়ির পেছনের খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন জানিয়েছেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ কারণে প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার বিষয়ে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে। শিশুটির মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
