Logo
table-post
মোংলার সোনাইলতলায় চায়ের দোকানে রমরমা অনলাইন জুয়া: ধ্বংসের মুখে যুবসমাজ
01/01/1970 12:00:00

মাসুদ রানা, মোংলা
মোংলার সোনাইলতলা ইউনিয়নের বিভিন্ন এলাকার চায়ের দোকানগুলোতে এখন প্রকাশ্যেই চলছে সর্বনাশা অনলাইন জুয়ার আসর। কোনো ধরনের সামাজিক বাঁধা বা কারও আপত্তি না থাকায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে এই ব্যাধি। এর ফলে চরম হুমকির মুখে পড়ছে স্থানীয় পরিবার ও সমাজব্যবস্থা।

সরেজমিনে গিয়ে জানা যায়, চায়ের দোকানকেন্দ্রিক এই জুয়ার আসর থেকে বাদ যাচ্ছেন না কেউই। সুন্দরবনের ওপর নির্ভরশীল প্রান্তিক জেলে, দিনমজুর কিংবা গাড়ি চালক সবাই মেতে উঠছেন এই সর্বনাশা নেশায়। উদ্বেগজনক বিষয় হলো, অপ্রাপ্তবয়স্ক কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অবাধে এই অনলাইন জুয়ায় অংশ নিচ্ছেন।

স্থানীয়দের চোখের সামনে এমন একটি ধ্বংসাত্মক কাজ চললেও সামাজিক প্রতিরোধ বা আপত্তির অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জুয়ার টাকা জোগাতে গিয়ে অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে তাদের পারিবারিক জীবনে। বাড়ছে পারিবারিক কলহ এবং অর্থনৈতিক সংকট।

এলাকার সচেতন মহলের মতে, এখনই এই অনলাইন জুয়ার লাগাম টেনে ধরতে না পারলে পুরো সমাজব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাবে। দ্রুত এই অবক্ষয় রোধ করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

 

@bagerhat24.com