মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে চুক্তিভিত্তিক দেওয়ায় মাদরাসায় বিক্ষোভ
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জ গুলিশাখালী ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগের খবরে মাদরাসায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মাদরাসার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একই সাথে শিক্ষার্থীরা মাদরাসা চত্বরে সাবেক অধ্যক্ষ এম.এ বারী হাওলাদারেন বিরুদ্ধে নানা ধরণের শ্লোগান দেন এবং তার কুশ পুত্তলিকাও দাহ করেন।
জানা গেছে, মাদরাসাটির সাবেক অধ্যক্ষ এ.এ বারী হাওলাদার গত ২৯ জুলাই অবসরে যান। এর পরে তিনি বিনা বেতনে অধ্যক্ষ পদে থাকার জন্য দৌড়-ঝাপ শুরু করেন। এক পর্যায়ে দায়িত্ব হস্তান্তর না করায় মাদরাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তার কক্ষে তালা লাগিয়ে দেন।
সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ইসলমী আরবি বিশ^বিদ্যালয় এম.এ বারীকে ২ সেপ্টেম্বর হতে এক বছরের জন্য বিনা বেতনে অধ্যক্ষ পদে পুন:নিয়োগ প্রদান করে। ইসলমী আরবি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার(অ.দা.) অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই নিয়োগ আদেশ সামাজিক যোগযোগ মাধম্যে ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থীরা ওই আদেশের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে মাদরাসার অবসর প্রাপ্ত অধ্যক্ষ এ.এ বারী বলেন, ‘কর্তৃপক্ষ তাকে বিনা বেতনে নিয়োগ দিয়েছে। আমি মাদরাসাটির বৈধ অধ্যক্ষ। একটি মহল ভীত সন্ত্রস্ত হয়ে আমাকে দায়িত্ব পালন করতে দিতে চাচ্ছেনা’।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. শহিদুল ইসলাম বলেন, এম.এ বারী হাওলাদার অধ্যক্ষ থাকা কালে অনেক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্ণীতি করেছেন। তাকে এখন মাদরাসায় কেউ চাচ্ছেনা। তিনি (এম.এ বারী) মাদরাসায় ফিরলে চরম বিশৃংখলার সৃষ্টি হবে। প্রানহানীর ঘটনাও ঘটতে পারে। যে কোন মূলেও তাকে প্রতিহত করা হবে।
