Logo
table-post
পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাটে পুত্রবধূ, তার পিতা-মাতা, ভাই ও স্থানীয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে অন্যায় অত্যাচার, মানসিক নির্যাতন এবং বসতভিটা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় নারী।

​শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার নোনাভাঙা গ্রামের জাহেদা বেগম।

​লিখিত বক্তব্যে জাহেদা বেগম জানান, তার একমাত্র পুত্র সহিদুল ইসলামের সাথে একই এলাকার ছত্তার মল্লিকের মেয়ে অছিফা আক্তার (সুমী)-র বিবাহ হয়। বিবাহের পর থেকেই পুত্রবধূ অছিফা আক্তার তার এবং তার পঙ্গু স্বামী নূরমোহাম্মদ ফকিরের সাথে চরম দুর্ব্যবহার করে আসছেন। একপর্যায়ে পুত্রবধূ ও তার পিতা-মাতা এবং ভাইদের প্ররোচনায় পরিবারের প্রবীণ ও অসুস্থ সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়।

​অভিযোগে জাহেদা বেগম আরও বলেন, "আমার বাড়ির সীমানা এবং পুত্রবধূর পিতা ছত্তার মল্লিকের বাড়ির সীমানা এক হওয়ায় তারা আমাদের ভিটা-মাটি জবরদখল করার অপচেষ্টা চালাচ্ছে। পুত্রবধূ ও তার পরিবারের পক্ষ থেকে আমাদের প্রাণনাশের এবং জমি দখলের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে আমি ও আমার পঙ্গু স্বামী চরম জীবন সংশয়ে দিন কাটাচ্ছি।"


​তিনি আরও উল্লেখ করেন যে, আসামিরা তার ছেলেকে জিম্মি করে তাদের জমি ও বসতবাড়ি আত্মসাৎ করার নীল নকশা তৈরি করেছে। এলাকার বাসিন্দারাও এসব অন্যায়-অত্যাচারের বিষয়ে অবগত রয়েছেন বলে দাবি করেন তিনি।

​সংবাদ সম্মেলনে জাহেদা বেগম এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের জোর দাবি জানান।
 

@bagerhat24.com