“সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ” বিষয়ে আলোচনা সভা
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রতিনিধি
“সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট অফিসে জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমরবুনিয়া ফরেস্ট অফিসের অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সুন্দরবনের ভূমিকা অপরিসীম। আর সুন্দরবনের পরিবেশ ব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষায় রয়েল বেঙ্গল টাইগারের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরবন না থাকলে উপকূল থাকবে না, আর বাঘ না থাকলে সুন্দরবনের ভারসাম্যও থাকবে না। তাই সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার রক্ষাকে শুধু সরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে বাঘ সংরক্ষণ ও সুন্দরবন রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। এতে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং সৃজন প্রকল্পের অংশগ্রহণকারীরা অংশ নেন।
