মোল্লাহাটে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি:
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আলোচনা শেষে চুনখোলা ইউনিয়নের কৃষক বিধান বিশ্বাসের বাড়িতে গিয়ে মাঠপর্যায়ে কৃষকদের তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোরঞ্জন পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রকৃত কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য সংগ্রহের মাধ্যমে কৃষকদের শনাক্ত করে ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণসহ বিভিন্ন কৃষি সহায়তা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ড চালুর ফলে কৃষকদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত হবে। এতে সরকারি কৃষিসেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধি পাবে এবং প্রকৃত কৃষকরা সহজেই সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পর্যায়ক্রমে মোল্লাহাট উপজেলার অন্যান্য ব্লকেও কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।
