১০ ফুটের অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
শরণখোলা উপজেলায় ধানক্ষেতে পাতা নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকা পড়া প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার লাকুড়তলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কৃষক মিলন তালুকদার আগের দিন বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে ধানক্ষেতে একটি চায়না দুয়ারি জাল পেতে রাখেন। পরদিন সকালে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান, বিশাল আকৃতির একটি অজগর সাপ জালের মধ্যে আটকে রয়েছে। পরে বিষয়টি স্থানীয় সাপ উদ্ধারকারী শামছু তালুকদারকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন।
উদ্ধারের সময় এলাকায় বৃষ্টি চললেও দক্ষতার সঙ্গে অজগরটিকে জাল থেকে মুক্ত করা হয়। পরে সাপটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়, যাতে সেটিকে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়া যায়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশনের কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ৮ কেজি। ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে সুন্দরবন থেকে নদী পেরিয়ে লোকালয়ে প্রবেশ করেছিল সাপটি। এ সময় ধানক্ষেতে পাতা নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকে যায়।
তিনি আরও জানান, বন বিভাগের হেফাজতে নেওয়ার পর প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের আশপাশের এলাকায় প্রায়ই বন্যপ্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। এ ধরনের পরিস্থিতিতে প্রাণীকে ক্ষতি না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারীদের খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।
