কচুয়ায় ১৮০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটের কচুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় জাকারিয়া মোল্লা (৩৬) নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়।
রবিবার (৫ জুলাই) দুপুর প্রায় ১২টা ১৫ মিনিটে কচুয়া থানার যশোরদী গ্রামে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং মো. বেল্লাল মোল্লার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি আভিযানিক দল জাকারিয়া মোল্লার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মতে, মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান আরও জোরদার করা হচ্ছে।
