বাগেরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
পুলিশ জানায়, নিহত রাজিয়া বেগম (৩৭) বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের বাসিন্দা আনিস মাঝির মেয়ে। তার স্বামী বেল্লাল সরদার (৪৭) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকার মৃত তোতা সরদারের ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন এবং স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বেল্লাল সরদার তার ছোট মেয়েকে কোচিং সেন্টার থেকে বাড়িতে নিয়ে আসেন। মেয়েকে তিনি জানান, তার মা অসুস্থ। কিন্তু বাসায় প্রবেশ করার পর শিশুটি তার মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। তার কান্নার শব্দে আশপাশের লোকজন ছুটে এলে বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাজিয়া বেগমের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে শহরের কেবি মাছ বাজার এলাকা থেকে অভিযুক্ত বেল্লাল সরদারকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং বিস্তারিত তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ চিত্র নিশ্চিত হওয়া যাবে।
