মোল্লাহাটে প্রতিবেশীর সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি:
মোল্লাহাটে প্রতিবেশীর সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার সরসপুর গ্রামে গত শুক্রবার (২৬ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সরসপুর গ্রামের আব্দুল আলী মোল্লার বাড়ির উত্তর-পশ্চিম সীমানা ঘেঁষে বাবলু শেখের বাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে আব্দুল আলী মোল্লা নিজ খরচে সীমানা প্রাচীর নির্মাণ করেন বলে জানান তার পরিবার।
অভিযোগে আরও বলা হয়, গত শুক্রবার গভীর রাতে বাবলু শেখের ছেলে আবু সমা শেখসহ ২৮/৩০ জনের একটি দল ওই সীমানা প্রাচীরের প্রায় একশ ফুট অংশ ভেঙে ফেলে। এ সময় বাধা দিতে গেলে আব্দুল আলী মোল্লার স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও ছেলে আলী হেনস্তার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আব্দুল আলী মোল্লার ছেলে তরিকুল ইসলাম মোল্লা বাদী হয়ে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে বাবলু শেখ বলেন, “আমার বাড়িতে বাতাস আসত না। আলো-বাতাসের জন্য আমার ছেলেরা দেয়াল ভেঙেছে। এখন যে বিচার হবে তা মেনে নেব।”
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।”
