মোংলায় আহত ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
মোংলা ইপিজেড'র গুয়াংজু হুয়া ফাং সায়েন্স এন্ড টেকনোলজি বিডি কোম্পানির শ্রমিক মোঃ গোলাম রসুলকে উন্নত চিকিৎসার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৯ জুন) সকালে মোংলার উত্তর চাঁদপাই বাজারের স্থানীয় গ্রামবাসী ও মোঃ গোলাম রসুল এর স্বজনরা এ মানববন্ধনের আয়োজন করেন।
কর্মঅবস্থায় কারখানার মেশিনে গোলাম রসুলের হাত কনুই থেকে বিচ্ছিন্ন যাওয়ায় তাকে উন্নত চিকিৎসা দেয়ার পাশাপাশি পঙ্গুত্ব বরণ করা গোলাম রসুলের পরিবারের দায়িত্ব ইপিজেড কোম্পানিকে নিতে হবে বলে মানববন্ধন থেকে দাবী করেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ'র সভাপতি মোঃ নূর আলম শেখ। বক্তব্য রাখেন, স্থানীয় বিএনপি নেতা শেখ রুস্তম আলী, এছাড়া আবু হানিফ শেখ, নাগরিক নেতা নাজমুল হক, আসাদুজ্জামান টিটো, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত হোসেন দূর্জয়, পরিবেশকর্মী মেহেদী হাসান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কারখানার মেশিনে গোলাম'র হাত বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। সময় মতো উন্নত চিকিৎসা দেয়া হলে ক্ষতি কম হতো। বক্তারা কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন শ্রমিক স্বল্পতার কারণে কতিপয় শ্রমিককে অতিরিক্ত বাড়তি দায়িত্ব পালন ও কঠোর পরিশ্রম করতে হয়। যেকারনেই মোঃ গোলাম রসুল দূর্ঘটনার শিকার হয়েছে।
বক্তারা চিকিৎসায় অবহেলার জন্য কারখানা কর্তৃপক্ষ'র তীব্র সমালোচনা ও নিন্দা জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, শরীর থেকে মোঃ গোলাম রসুলের হাত বিচ্ছিন্ন হওয়ায় পঙ্গুত্ব বরণ করে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। একই কারনে গোলাম রসুলকে কর্মহীন থাকতে হবে। তাই বক্তারা মোঃ গোলাম রসুলের উন্নত চিকিৎসার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।
