ফকিরহাটে হামলায় কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আশঙ্কাজনক
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সন্ত্রাসী হামলায় কৃষক দলের এক নেতা নিহত এবং বিএনপির আরেক নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান বাদল মোড়ল (৪০) বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। হামলায় গুরুতর আহত আব্দুল্লাহ মোড়ল (৪৫) একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল মঙ্গলবার রাতে বাগেরহাট সদর এলাকা থেকে ভ্যানে করে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হলে বাদল মোড়ল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে আব্দুল্লাহ মোড়ল গুরুতর জখম হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর দুর্বৃত্তরা কয়েকটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত মামলা দায়ের হয়নি।
এদিকে কৃষক দল নেতা হত্যার ঘটনায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে বারুইপাড়া ইউনিয়ন বিএনপি কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বর্তমানে বারুইপাড়া ও আড়পাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত বাদল মোড়লের বাড়িতে চলছে শোকের মাতম, আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
