Logo
table-post
ষাটগম্বুজ মসজিদে কড়া নিরাপত্তায় ঈদের জামাত, অংশ নিলেন ৫ হাজার মুসল্লি
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রথম জামাতের মাধ্যমে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা।

প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। জামাতে অংশ নেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মুসল্লি।

প্রথম জামাত শেষে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। পরে সকাল ৯টায় অনুষ্ঠিত তৃতীয় ও শেষ জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।

ঈদের নামাজকে কেন্দ্র করে ভোর থেকেই মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো ষাটগম্বুজ মসজিদ এলাকা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়। তিনটি জামাতে মিলিয়ে প্রায় পাঁচ হাজারের বেশি ধর্মপ্রাণ মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।

প্রতিটি জামাত শেষে দেশ-বিদেশের মুসলিম উম্মাহ’র শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে দেশকে সহিংসতা, অপরাধ এবং শিশু নির্যাতনের মতো সামাজিক সমস্যা থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা।

ঐতিহাসিক এই মসজিদে নির্বিঘ্নে নামাজ আদায়ের লক্ষ্যে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন পুলিশ, র‌্যাব, আনসার ও টুরিস্ট পুলিশের সদস্যরা।

ঈদের নামাজ শেষে বক্তব্যে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। তিনি বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করার আহ্বান জানান। একই সঙ্গে জাতি ও সমাজের শান্তি প্রতিষ্ঠায় ত্যাগের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম উম্মাহ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ঈদের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এছাড়া প্রবাসে পরিবার থেকে দূরে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের প্রতিও সম্মান ও শুভেচ্ছা জানান তিনি।

এদিকে বাগেরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদেও সকাল ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, আলীয়া মাদরাসা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ, খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদসহ জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ জামে মসজিদ।

 

@bagerhat24.com