সুন্দরবনের নতুন ডাকাত দল গঠনের শুরুতেই "চাচা-ভাতিজা" বাহিনীর দুই দস্যু আটক, অস্ত্র ও গুলি উদ্ধার
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
সুন্দরবনে নতুন ডাকাত দল গঠনের প্রাক্কালে আত্মসমর্পণকৃত ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ । সোমবার সন্ধায় তাদের আটক করা হলেও আজ মঙ্গলবার ভোরে সুন্দরবনের শেলা নদী থেকে অস্ত্র ও গুলী উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেঃ শেখ সাদমান বিন মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুমন বাহিনী থেকে বের হয়ে ‘চাচা-ভাইরপো’ নামে নতুন একটি ডাকাত দল গঠন করে দুর্বৃত্তরা পুনরায় সুন্দরবনে সক্রীয় হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে তথ্য আসে কোস্ট গার্ডের কাছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড ও পুলিশ । এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মো: নাজমুল শেখ ও হানিফ শেখকে আটক করা হয়। তাদের কাছ থেকে ‘চাচা-ভাইরপো’ নাম সম্বলিত ৫০০টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের সেলা নদীর বটতলার খাল এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২) মোংলা থানার জয়মনি এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।
উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।
