Logo
table-post
মোল্লাহাটে অসহায়-দুঃস্থদের মাঝে নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণ
01/01/1970 12:00:00

মোল্লাহাট  প্রতিনিধি
মোল্লাহাট উপজেলায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ ২২টি পরিবারের সদস্যদের মাঝে ২ হাজার টাকা করে মোট ৪৪ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান এবং ৮জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব। সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “প্রতিবন্ধী ও অসচ্ছল মানুষদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।”

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

@bagerhat24.com