খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকসহ ৩ জনের
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে ভট্টে-বালিয়াঘাটা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের বাসিন্দা আব্দুল কাদের ফারাজী, দাকোপ উপজেলার মনির হোসেন মুন্না এবং মোড়েলগঞ্জ উপজেলার বাহাদুর। আব্দুল কাদের পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দুই যাত্রীকে নিয়ে কাটাখালী বাসস্ট্যান্ড থেকে মোংলার উদ্দেশ্যে রওনা দেন আব্দুল কাদের। পথে খুলনা-মোংলা মহাসড়কের ভট্টে-বালিয়াঘাটা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করেন তিনি। এসময় বিপরীত দিক থেকে আসা রংপুর-ট-১১-০৩৯৫ নম্বরের একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই মারা যান চালক আব্দুল কাদের ফারাজী। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রী মনির হোসেন মুন্না ও বাহাদুরকে উদ্ধার করে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তাদেরও মৃত্যু হয়।
ঘটনার পরপরই কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে পলাতক ট্রাকচালক ও সহকারীকে আটকের চেষ্টা করছে পুলিশ।
