গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
মোরেলগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ মে ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব হাবিবুল্লাহ।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় এবং মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর অধীনে এই সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নাজমুল হাসান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, বাগেরহাট (বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প)। পলাশ বর্মন, উপজেলা সমন্বয়কারী (মোরেলগঞ্জ, কচুয়া ও চিতলমারী)।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলার সমন্বয়কারী সুশান্ত রায়। সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের করণীয় নির্ধারণে আদালতের রেজিস্টার ফরম ও ফরমেট বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব হাবিবুল্লাহ অত্যন্ত গুরুত্বের সাথে প্রতিটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কোন ইউনিয়নে কী ধরনের সমস্যা রয়েছে এবং তা কীভাবে দূর করা যায়, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট নির্দেশন দেন। ১. মাসিক রিপোর্ট: প্রতি মাসের সঠিক সময়ে গ্রাম আদালতের মামলার রিপোর্ট জমা দিতে হবে।২. মামলার লক্ষ্যমাত্রা: গ্রাম আদালতের পরিধি বাড়াতে প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে মাসে কমপক্ষে ৫টি করে মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা (টার্গেট) নির্ধারণ করতে হবে।৩. জনগণের আস্থা অর্জন: সর্বস্তরের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে এবং গ্রাম আদালতের ওপর মানুষের আস্থা বাড়াতে প্রতিটি ইউনিয়নে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামীণ জনপদের মানুষ স্বল্প সময়ে ও স্বল্প খরচে নিজ এলাকায় আইনি সেবা পাবেন, যা স্থানীয় পর্যায়ে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
