Logo
table-post
বাগেরহাটে চলাচলের রাস্তা বন্ধ ও জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর এলাকায় জমি দখল ও চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মো. ইসমাইল মীনা। মঙ্গলবার (১৯ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে ইসমাইল মীনা দাবি করেন, ক্রয়সূত্রে মালিকানাধীন তার জমি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ভোগদখল করে আসছেন। তিনি অভিযোগ করে বলেন, অভিযুক্তদের মধ্যে শীপন মীনা, মুনু মীনা, মেহেদী হাসান, রুহুল মীনা, মোস্ত মীনা, মাসুদ মীনা ও শাহীন মীনা রয়েছেন। তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা ধরনের হয়রানির অভিযোগও তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে ইসমাইল মীনা আরও বলেন, তার বাবা স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বেমরতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ছিলেন। সেই রাজনৈতিক বিরোধের জের ধরে ২০১৭ সালের ৩ নভেম্বর তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর নিজস্ব জমিতে দাফন করতে বাধা দেওয়া হয়। এমনকি জানাজায় অংশ নিতে গেলে তাকেও মারধর করা হয় এবং এতে তার দুটি দাঁত ভেঙে যায়। পরে বাধ্য হয়ে অন্যের জমিতে তার বাবাকে দাফন করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইসমাইল মীনা বলেন, বর্তমানে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। ঈদকে সামনে রেখে এলাকায় পোস্টার লাগানোর উদ্যোগ নেওয়ার পর থেকেই নতুন করে তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রতিপক্ষরা তাদের বাড়ির চলাচলের পথ বন্ধ করে দিয়েছে, ফলে পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর সদর থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইসমাইল মীনা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, তার পরিবারের বৃদ্ধ ও শিশু সদস্যরা বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নাগরিক অধিকার ও স্বাভাবিক চলাচলের সুযোগ ফিরিয়ে দিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তিনি দাবি জানান।

@bagerhat24.com