Logo
table-post
রামপালে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে বরাদ্দের দাবি
01/01/1970 12:00:00

রামপাল সংবাদদাতা

রামপালে দলিত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

রামপাল সদর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। শ্রীফলতলায় ‘আমাদের গ্রাম' ডিজিটাল সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সহ-সভাপতি ছবি রাণী মণ্ডল।

এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাসসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রামপাল একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা। লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও জীবিকাগত অনিশ্চয়তায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠী। এ অবস্থায় স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, সুপেয় পানির ব্যবস্থা ও পরিবেশ সুরক্ষায় অগ্রাধিকারভিত্তিতে বাজেট বরাদ্দের দাবি জানানো হয়।

ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

@bagerhat24.com