মোরেলগঞ্জে কাটিমন আম চাষে চাষির সাফলতা
01/01/1970 12:00:00মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ
মোরেলগঞ্জে কাটিমন আম চাষে সফলতা দেখিয়েছেন সফল চাষি রুহুল আমিন মুকুল। ক্যামিক্যালমুক্ত এ কাটিমন আম এখন অনলাইনেও দেশের বিভিন্ন জেলা-উপজেলায় চলে যাচ্ছে। চলতি বছরে আমের বাম্পার ফলনে হাসির ঝিলিক চাষির মুখে।
সরেজমিনে জানা গেছে, ২০২০ সালে আত্মকর্মসংস্থানের লক্ষ্য নিয়ে উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের খালকুলা গ্রামের বাসিন্দা রুহুল মমিন মুকুল ছাত্রজীবন শেষ করে নিজ উদ্যোগে পৈত্রিক দুই একর জমিতে আমের চাষ শুরু করেন।প্রথমে চুয়াডাঙ্গা থেকে ১শ’ কাটিমন আম চারা এনে তার জমিতে রোপন করেন। প্রথম বছরে খরচ মিটিয়ে প্রায় ৫০ হাজার টাকা ঘরে তুলতে পেরেছেন। পরবর্তীতে তিনি আরো দুই শ' আমের চারা রোপন করেন।
গত কয়েক বছরে আশানুরূপ ফলনও হয়েছে।ব্যাপক চাহিদা থাকায় বাগান থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আম বিক্রি করেছেন।
তিনি জানান,চলতি বছরে আমের বাম্পার ফলন ধরেছে। পাতার চেয়ে আম বেশি হয়েছে। আর মাত্র ২ সপ্তাহ পরে গাছ থেকে পাকা আম বিক্রি শুরু হবে।বারো মাসি এ কাটিমন আমের বৈশিষ্ট সুস্বাদু, মিষ্টি ও আটি পাতল হওয়ায় বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। বাগান থেকে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে একশ’ থেকে দেড়শ’ টাকায়। এ বাগানের আম ক্রয়ের জন্য অন্য জেলা ও উপজেলা থেকে অনলাইন কুরিয়ারের মাধ্যমে আম বাজারজাত করছেন এ সফল কৃষক।
এ সফল আম চাষি হালদার রুহুল আমিন মুকুল বলেন, আমাদের এ প্রত্যন্ত অঞ্চলে আমের চাষ তেমন একটা হয়না। লবণাক্ততার কারনে এখন একটু মিষ্টি পানি পাওয়ায় কাটিমন আম চাষ করে ভালো ফলন পেয়েছি। আত্মকর্মসংস্থানের জন্যে মাছ চাষ থেকে শুরু করে অনেক কিছু করার চেষ্টা করেছি। সর্বশেষ এসে সফলতা পেয়েছি কাটিমন আম চাষে। দুই একরের আম বাগানে এ বছরে ৩ শ’ গাছে শ্রমিক মজুরি ওষুধ পরিচর্যা খরচ হয়েছে ১ লাখ টাকা। দুই সপ্তাহ পরেই প্রতিদিনই আম বিক্রি হবে মনকে মন। আশা করছি ৫ থেকে ৬ লাখ টাকার আম বিক্রি করতে পারব।তিনি সাধারণ মানুষের হাতে বিষমুক্ত এ কাটিমন আম হাতে তুলে দিতে পারায় আত্মতৃপ্তি পাচ্ছেন। তিনি আরও বলেন, সবচেয়ে মজার ব্যাপার ক্রেতারা বাগানে এসে নিজ হাতে আম তুলে নিচ্ছেন। অনলাইনের মাধ্যমে ০১৭১৪৫০৯৩৩৭ নম্বরে ফোন করে কুরিয়ারের মাধ্যমে আম নিতে পারবেন সাধারণ ক্রেতারা।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, কাটিমন আমের বাজারে প্রচুর চাহিদা থাকায় দামও সাধারণ আমের চেয়ে বেশী। এ উপজেলায় খাউলিয়া, বনগ্রামসহ কয়েকটি ইউনিয়নে ছোট ছোট বাগান করেছে চাষিরা। তবে দৈবজ্ঞহাটীর খালকুলায় কৃষক হালদার রুহুল মমিন মুকুল ব্যাপক চাষাবাদ করে কাটিমন আমের বাম্পার ফলনর সাড়া জাগিয়েছেন।
