Logo
table-post
জমি বিরোধে শরণখোলায় হামলা-ভাঙচুর: বাড়িতে তাণ্ডব, গ্রেফতার ২—গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করে আদালতে পাঠিয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা রবিন ঢালী (৪৫) এবং তার প্রতিবেশী সোবহান হাওলাদার (৬০)-এর মধ্যে বহুদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। এমনকি এ সংক্রান্ত একটি দেওয়ানি মামলাও বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৪ মে সকাল সাড়ে ১০টার দিকে সোবহান হাওলাদার তার পরিবারের সদস্য ও কিছু স্থানীয় লোকজন নিয়ে রবিন ঢালীর বাড়িতে আকস্মিক হামলা চালান। হামলার সময় বসতবাড়ির টিনশেডের বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। পরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর ভুক্তভোগী রবিন ঢালী শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোবহান হাওলাদারসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিদর্শন করে। পরবর্তীতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে অভিযুক্তদের মধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানান, পুরো ঘটনাটি জমিজমা সংক্রান্ত বিরোধের ফল। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে। তাই গুজব থেকে বিরত থেকে সঠিক তথ্য প্রচারের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেলা পুলিশও জানিয়েছে, ঘটনাটি নিয়ে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না করে দায়িত্বশীল আচরণ করা জরুরি।

@bagerhat24.com