পিরোজপুরে ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদন্ড
01/01/1970 12:00:00পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে কিশোরী ধর্ষণের দায়ে মোঃ সুমন হাওলাদার (৩৮) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত সুমন হাওলাদার (৩৮) জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মোঃ হামেদ হাওলাদারের পুত্র।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে তার পিতা-মাতার সাথে সম্পর্ক না থাকায় সে তার মামা একই গ্রামের নিজাম হাওলাদারের বাড়ীতে থেকে লেখা-পড়া করতো। ভিকটিম স্কুলে আসা-যাওয়ার পথে দন্ডপ্রাপ্ত আসামি প্রায়ই তাকে উত্যক্ত করতো। ২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি হলে আসামি সুমন তাকে জোরপূর্বক ওই গ্রামের জনৈক ফিরোজ পালোয়ানের খালি বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। সে বাড়ী ফিরে তার মামাকে ঘটনাটি বলে। বিষয়টি স্থানীয়রা মিমাংশা করার আশ্বাস দিলেও ভুক্তভোগী ওই কিশোরীর মামা তাতে রাজী না হয়ে ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে পুলিশ আসামি সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দিলে সাক্ষ্য প্রমানে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন নারী-শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর নূরুল ইসলাম সরদার শাহজাহান বলেন, ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছি।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন আহসানুল কবির বাদল।
