Logo
table-post
বাগেরহাটে যৌথ ব্যবসা দখল ও জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে যৌথ ব্যবসা প্রতিষ্ঠান দখল, আর্থিক অনিয়ম এবং চেক জালিয়াতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম। শনিবার (২৫ এপ্রিল) বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন গুরুতর অভিযোগ উত্থাপন করেন। এসময় তার ভাই হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে তার মামার সঙ্গে যৌথভাবে “মোল্লা হার্ডওয়ার স্টোর” পরিচালনা করে আসছেন। প্রায় ০.৫২৭ একর জমির ওপর গড়ে ওঠা এ প্রতিষ্ঠানে তার এক-তৃতীয়াংশ মালিকানা এবং উল্লেখযোগ্য শেয়ার রয়েছে বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ, অংশীদার কৌশলে পুরো ব্যবসা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব অংশীদারের নামে থাকায় তিনি এককভাবে সব আর্থিক কার্যক্রম পরিচালনা করছেন এবং দীর্ঘদিন ধরে কোনো লাভের হিসাব বা প্রাপ্য অংশ তাকে দেওয়া হয়নি।

এছাড়া, ব্যবসার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগও করেন তিনি। তার দাবি, এসব থেকে অর্জিত লাভ তিনি কখনো পাননি।

শফিকুল ইসলাম আরও বলেন, হিসাব চাওয়ায় তাকে ভয়ভীতি দেখানো হয়েছে এবং জোর করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি তার সম্পত্তির অংশ লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে এবং অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, যেকোনো সময় ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে ফেলা হতে পারে, যাতে তাকে তার ন্যায্য অংশ থেকে বঞ্চিত করা যায়। এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি অস্থায়ীভাবে বন্ধ রাখার দাবি জানান।

এদিকে, পূর্বে হারিয়ে যাওয়া একটি ব্যাংক চেককে কেন্দ্র করে সম্প্রতি তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকার দাবিতে একটি আইনজীবীর নোটিশ পাঠানো হয়েছে। শফিকুল ইসলাম এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও চেক জালিয়াতির অংশ বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার বিরুদ্ধে চলমান অন্যায় ও হয়রানির সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

@bagerhat24.com