চিতলমারীতে গোপনে জ্বালানী তেল বিক্রির অভিযোগ
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীর ‘মেসার্স শরীফ ব্রাদার্সে’র মালিক জাকির শরীফের বিরুদ্ধে গোপনে জ্বালানী তেল (পেট্রোলিয়াম) বিক্রির অভিযোগ হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে এ অভিযোগ করা হয়। শিবপুর গ্রামের মৃত শেখ সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ শাহ আমানত বাদী হয়ে এ অভিযোগটি করেন।
অভিযোগপত্রে জানা গেছে, ‘মেসার্স শরীফ ব্রাদার্সে’র মালিক জাকির শরীফ ভোক্তাদের মধ্যে সুলভ মূল্যে জ্বালানী তেল বিক্রির জন্য বিস্ফোরক অধিদপ্তর থেকে একটি লাইসেন্স গ্রহণ করেন। কিন্তু বর্তমান জ্বালানী তেল সংকটকালে তিনি অধিক মুনফা লাভের আশায় ভোক্তাদের ঠকিয়ে গোপনে বিভিন্ন স্থানে তেল বিক্রি করে দিচ্ছেন। এতে কৃষকসহ সাধারণ ভোক্তারা চরমভাবে বশ্চিত হচ্ছেন।
এ ব্যাপারে ‘মেসার্স শরীফ ব্রাদার্সে’র মালিক জাকির শরীফের ভাই মোঃ জাহিদ শরীফ বলেন, ‘ভাইয়ের ব্যবসা আমি পরিচালনা করতাম। আমরা এক প্রকার ব্যবসা বাদ দিয়েছি। আগের মত জ্বালানী তেল পাই না। অল্প কিছু পেলে খুলনায় বিক্রি করি।’
তবে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ‘মোঃ শাহ আমানতের অভিযোগ পত্রটি আমি পেয়েছি। সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
