Logo
table-post
লখপুরে চেয়ারম্যান পদে আসছেন ত্যাগী বিএনপি নেতা শেখ শরিফুল—জনসেবার প্রতিশ্রুতিতে আলোচনার কেন্দ্রবিন্দু
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
দেশজুড়ে আগামী ঈদুল আজহার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গ্রামাঞ্চলের চায়ের দোকান—সবখানেই চলছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা। এরই ধারাবাহিকতায় ফকিরহাট উপজেলার ২নং লখপুর ইউনিয়নেও চেয়ারম্যান পদ নিয়ে সরগরম পরিস্থিতি বিরাজ করছে।

আসন্ন এই নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে বিএনপির ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলামের নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের দুর্দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমর্থন তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর ধরে শেখ শরিফুল ইসলাম দলের কঠিন সময়গুলোতে নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের পাশে থেকেছেন। তিনি শুধু আন্দোলনে নেতৃত্বই দেননি, বরং অনেকের আইনি সহায়তা এবং আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। এমনকি মিথ্যা মামলায় জেলে থাকা কর্মীদের মুক্তিতেও তিনি ভূমিকা রেখেছেন।

তার এই কর্মকাণ্ডের কারণে অতীত সরকার আমলে একাধিক মামলা ও নির্যাতনের শিকার হন তিনি। দীর্ঘ সময় কারাভোগের পরও তিনি আন্দোলন-সংগ্রাম থেকে সরে দাঁড়াননি, বরং আরও সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

লখপুর ইউনিয়নের বিএনপি সমর্থিত নেতাকর্মীরা জানান, শেখ শরিফুল ইসলাম সবসময়ই সাধারণ কর্মীদের পাশে থেকেছেন। অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে তাদের পরিবারের পাশে দাঁড়ানো—সব ক্ষেত্রেই তার অবদান উল্লেখযোগ্য। তারা মনে করেন, তৃণমূল পর্যায়ে তার মতো নিবেদিতপ্রাণ নেতা খুবই বিরল।

এছাড়া তারা দাবি করেন, দলের কঠিন সময়ে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাকে যদি প্রার্থী হিসেবে মনোনয়ন না দেওয়া হয়, তবে সেটি হবে বড় ধরনের ভুল। তাই কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের আহ্বান, শেখ শরিফুল ইসলামকে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রদান করা হোক।

এ বিষয়ে শেখ শরিফুল ইসলাম বলেন, দলের সংকটময় সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালসহ বিভিন্ন স্থানে দলের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। এ কারণে তাকে দীর্ঘ সময় নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে।

তিনি আরও জানান, একাধিক মিথ্যা মামলার কারণে তাকে আত্মগোপনে থাকতে হয়েছে এবং তার বাড়িঘরেও হামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতির মধ্যেও তিনি দলের জন্য কাজ করে গেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। সবার দোয়া ও সমর্থন নিয়ে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী।”

স্থানীয়দের মতে, শেখ শরিফুল ইসলামের প্রার্থিতা লখপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।

@bagerhat24.com