মোল্লাহাটে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
সারাদেশের ন্যায় বাগেরহাট জেলার মোল্লাহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ এপ্রিল দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মোল্লাহাট বাজার প্রদক্ষিণ করে মহাসড়ক ও কেআর কলেজ সড়ক হয়ে পুনরায় শুরুর স্থলে ফিরে এসে শেষ হয়। পরে সেখানে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই দিনটি আমাদের সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। তরুণ প্রজন্মকে নিজেদের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই মোল্লাহাটে এই উৎসব আরও আনন্দমুখর ও সবার অংশগ্রহণে উদযাপিত হোক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, প্রধান শিক্ষক এস এম ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী এবং প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ অনেকে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা আবৃত্তি, লোকসংগীত ও নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও দিনব্যাপী হস্তশিল্প ও গ্রামীণ পণ্যের প্রদর্শনী এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোল্লাহাটে পহেলা বৈশাখ উদযাপন প্রাণবন্ত হয়ে ওঠে।
