মোল্লাহাটে তালগাছ থেকে পড়ে দর্জির মৃত্যু, এলাকায় শোকের ছায়া
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাটে তালগাছ থেকে নিচে পড়ে মহিবুল্লাহ (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার গাংনী উত্তরপাড়া এলাকায় নিজ বাগানবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিবুল্লাহ গাংনী উত্তরপাড়া গ্রামের মাওলানা বজলুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন এবং পাশাপাশি নিজ বাড়ির তালগাছ থেকে তালের রস সংগ্রহের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে মহিবুল্লাহ ছুরি নিয়ে তালগাছে ওঠেন রস সংগ্রহের উদ্দেশ্যে। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এ সময় তার হাতে থাকা ছুরিটি বাম উরুতে ঢুকে গিয়ে গুরুতর জখম হয়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
মোল্লাহাটের গাংনী পুলিশ ফাড়ির ইনচার্জ মেহেদী হাসান জানান, এ বিষয়ে তাঁদের পরিবার থেকে কোন সংবাদ দেয়নি। সংবাদ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
