Logo
table-post
কচুয়ায় সুমিত্রা খাল ভরাটে চরম পানি সংকট, কৃষিতে বিপর্যয়—পুনঃখননের জোর দাবি
01/01/1970 12:00:00

শুভংকর দাস বাচ্চু,কচুয়া

কচুয়া উপজেলার গুরুত্বপূর্ণ পানি উৎস সুমিত্রা খাল দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারের অভাবে প্রায় ভরাট হয়ে পড়েছে। এর ফলে খালের দুই পাশের বিস্তীর্ণ কৃষিজমিতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে, যা সরাসরি কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গিমটাকাঠী দাই বাড়ি এলাকা থেকে আড়িয়ামদ্দনের হরসিত মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার বিস্তৃত এই খাল একসময় এলাকার প্রধান সেচ ব্যবস্থার উৎস ছিল। খালের পানির ওপর নির্ভর করে বারুইখালী, চরকাঠী ও গিমটাকাঠীসহ আশপাশের অঞ্চলে প্রায় ১০০ হেক্টর জমিতে ধানসহ নানা ফসল উৎপাদিত হতো।

কিন্তু নিয়মিত খনন ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটি এখন কার্যত মৃতপ্রায়। ফলে কৃষকরা প্রয়োজনীয় সেচ দিতে পারছেন না। এতে করে ফসল উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি অনেক জমি পতিত হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

শুধু কৃষিই নয়, খালের পানির ওপর নির্ভরশীল মৎস্য খাত এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি কমে যাওয়ায় মাছ চাষ হ্রাস পেয়েছে এবং গৃহস্থালির কাজে পানির ব্যবহারেও ভোগান্তি বাড়ছে।

এলাকার কৃষকদের ভাষ্য, দ্রুত খালটি পুনঃখনন করা হলে পানি সংকট অনেকটাই কমবে এবং কৃষি উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরবে। একই সঙ্গে এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে সুমিত্রা খাল পুনঃখননের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

@bagerhat24.com