মোংলায় দামেরখণ্ড গণহত্যা দিবস পালন
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
মোংলায় একাত্তরের অন্যতম ভয়াবহ দামেরখণ্ড গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার দামেরখণ্ড বধ্যভূমি স্মৃতিসৌধে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার উদ্যোগে বুধবার সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।
দামেরখন্ড বধ্যভূমি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মোংলা সরকারি কলেজ প্রশাসন, মোংলা থানা প্রশাসন, মোংলা নাগরিক সমাজ, থানা বিএনপি, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমনি আক্তার সুমি। এ সময় উপজেলা সহকারি কমিশনার ভুমি নওসীনা আরিফ, মোংলা সরকারি কলেজের অধ্যাপক কে এম রব্বানী ,থানা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার,মোংলা থানার ওসি শেখ শাহীনুর রহমান, ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন,সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা,প্রভাষক এস এম মাহবুবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান নুর আরম শেখ, মুক্তিযোদ্ধা সংসদের নেতারা সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৩ মে দামেরখণ্ড এলাকায় স্থানীয় রাজাকারদের সহায়তায় শতাধিক মানুষকে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞের সময় নারীদের ওপর নিষ্ঠুর অত্যাচার চালানো হয়।
বক্তারা মুক্তিযুদ্ধকে ধারন করে তরুণ প্রজন্মকে গড়ে তোলার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন সমাজ নির্মাণের আহ্বান জানান। পরে উপস্থিত সকলে মিলে দোয়া মোনাজাত করেন।
