বাগেরহাটে সন্ত্রাসী হামলার শিকার ঠিকাদার: হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে সন্ত্রাসী হামলার শিকার হয়ে জীবনের নিরাপত্তা ও হামলায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ কুতুব উদ্দিন।
রবিবার (১৫ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে পুরো ঘটনার বর্ণনা দেন।
ভুক্তভোগী কুতুব উদ্দিন জানান, তিনি স্থানীয় একটি নির্মাণাধীন সড়কে বালু সরবরাহের সাব-কন্ট্রাক্ট নিয়ে কাজ করছিলেন। এ সময় মাফুজ নামের এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা প্রায় ১২-১৩ জন লোক তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা জানায়, ওই এলাকায় বালু দিতে হলে তাদের দাবি করা টাকা পরিশোধ করতে হবে।
তিনি বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে গত ৮ মার্চ বিকেলে প্রতিদিনের মতো রাস্তা দিয়ে হাঁটার সময় ফয়লা বাজার এলাকার বেলি ব্রিজের নিচে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা মাফুজ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। তাদের হাতে ধারালো রামদা, লোহার রড ও বাঁশের লাঠি ছিল বলে তিনি অভিযোগ করেন।
কুতুব উদ্দিনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় অভিযুক্তরা প্রভাব দেখিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে, তাদের বিরুদ্ধে মামলা করলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে ৯ মার্চ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা নিতে হয়।
তিনি অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরিবারের সদস্যরা থানায় মামলা করতে গেলে পুলিশ বিষয়টি গ্রহণ না করে ঘুরিয়ে দেয়। পরে চিকিৎসা শেষে ১২ মার্চ আবার থানায় গেলে অভিযুক্তদের প্রভাবের কারণে মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।
কুতুব উদ্দিন আরও বলেন, দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সর্বশেষ হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
