Logo
table-post
অস্ত্র ও গুলিসহ জলদস্যু করিম শরীফ বাহিনীর প্রধাণ সহকারী  ওসমান গনি আটক
01/01/1970 12:00:00

মাসুদ রানা, মোংলা
সুন্দরবনের জলদস্যু করিম শরিফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ( প্রধাণ সহকারী) ওসমান গনিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে শেলা নদীর মুর্তির খাল থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুখ্যাত জলদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে জলদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওসমান গণিকে আটক করা হয়।

এসময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করে কোস্ট গার্ড।

আটককৃত জলদস্যু ওসমান গণি (৩৮) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে এবং দস্যু দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতো বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান জানান, জব্দকৃত অস্ত্র ও আটককৃত দস্যুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মোংলা থানায় হস্তান্তর করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

@bagerhat24.com