ফায়ার সার্ভিসকে স্বচ্ছ ও জনবান্ধব সেবাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান মহাপরিচালকের
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনসেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখতে হলে প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দরবার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দরবারে মহাপরিচালককে অভিবাদন
দরবার অনুষ্ঠানে মহাপরিচালক উপস্থিত হলে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি তাঁকে আনুষ্ঠানিক অভিবাদন জানান এবং দরবার পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন। এরপর অধিদপ্তরের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন।
পরবর্তীতে মহাপরিচালক তাঁর বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দরবার গ্রহণ করেন।
উন্নয়ন ও অপারেশনাল কার্যক্রম নিয়ে সন্তোষ
দরবারে মহাপরিচালক তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, দেশের বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগে ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া এবং সফল অপারেশনাল কার্যক্রম প্রশংসনীয়।
তিনি বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এসব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবার প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
কর্মকর্তা-কর্মচারীদের মতামত ও প্রশ্নের জবাব
দরবারে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অনলাইনে যুক্ত বিভিন্ন বিভাগের সদস্যদের মতামত ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন মহাপরিচালক। তিনি ধৈর্যের সঙ্গে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যদের সম্মাননা
দরবার শেষে সম্প্রতি চট্টগ্রামের রাউজানে একটি গভীর নলকূপ থেকে শিশুকে জীবিত উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ছয়জন সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মহাপরিচালক তাদের হাতে সনদপত্র, ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া এবং নগদ অর্থ তুলে দেন।
উপস্থিতি ও সমাপ্তি
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালকবৃন্দ, বিভিন্ন প্রকল্পের পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগের উপপরিচালক ও জেলা পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনের মাধ্যমে দরবারে যুক্ত হন।
দুপুর ১টায় দরবার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ছবি ও তথ্য: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
