Logo
table-post
মোল্লাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন
01/01/1970 12:00:00

মোল্লাহাট প্রতিনিধি
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার সকাল ১১টায় র‍্যালি, আলোচনা সভা ও মহড়ার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।


দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় সবার মধ্যে সচেতনতা ও প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগে থেকেই পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করতে পারলে একটি সচেতন ও দুর্যোগ-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা সহজ হয়। তাই সবাইকে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জানাতে এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে।


আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমের একটি মহড়া প্রদর্শন করা হয়। এতে উপস্থিত সবাই দুর্যোগের সময় করণীয় বিষয়ে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।

@bagerhat24.com