Logo
table-post
শরণখোলায় আগুনে পুড়ে শিক্ষকের ঘর ভস্মীভূত, ৭ লাখ টাকার ক্ষতি
01/01/1970 12:00:00

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা

শরণখোলায় এক শিক্ষকের ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঘরের মালিক মোঃ আবু সালেহ জানিয়েছে। ৮ মার্চ সকাল ১১ টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে মাস্টার আবু সালেহ'র বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই পুরো ঘর আগুনের ভস্মীভূত হয়।

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের নূর মোহাম্মদের পুত্র সংশ্লিষ্ট এসবি তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু সালেহ'র বাড়িতে সকাল ১১ টার দিকে বাচ্চাদের জন্য তার স্ত্রী রান্না করতে গিয়ে চুলা জ্বালায়। পরে অন্য কাজে ঘরে ব্যস্ত হন তিনি। ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে আগুন লেগে তা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরের মধ্যে গ্যাসের সিলিন্ডার ও ফ্রিজ থাকায় তা ব্লাস্ট হওয়ায় আগুনের তীব্রতা বেড়ে যায়। এতে নিমিষের মধ্যে ঘরের মধ্যে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

শিক্ষক আবু সালেহ জানান, তার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও নিয়োগ পত্র, যোগদান পত্র ঘরের দলিল নগদ ৭৫ হাজার টাকা, স্ত্রী ও মায়ের স্বর্ণালংকার সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। অন্যদিকে ফায়ার সার্ভিস শরণখোলা স্টেশন খবর পেয়ে গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। 

ফায়ার সার্ভিসের শরণখোলা স্টেশন কর্মকর্তা আফতাব ই আলম বলেন ঘটনাস্থলে যেতে রাস্তা সরু হওয়ায় ও পার্শ্ববর্তী খালে পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হয়। 

এ বিষয়ে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয় লোকজন বালতি দিয়ে যে যার মত করে পানি দিয়ে চেষ্টা করলেও কোন লাভ হয়নি। অন্যদিকে  ফায়ার সার্ভিস এলেও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়েছে।

শরলখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান বলেন বিষয়টি তিনি শুনেছেন ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

@bagerhat24.com