মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, ঢাকা মেডিকেলে স্থানান্তর
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে নুর ইসলাস (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। রবিবার (০৮ মার্চ) ভোরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় নুর ইসলামকে।
গুলিবিদ্ধ নুর ইসলাম কুলিয়া গ্রামের রীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন এর ছেলে। মোল্লাহাট উপজেলা সদরে শেখ ট্রেডার্স নামের একটি সেনিটারি ও হার্ডওয়ারের দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে নুর ইসলাম মোটরসাইকেল চালিয়ে কুলিয়া গ্রামে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে মাথার নিচে ও শরীরের পিছনসহ বিভিন্ন স্থানে মোট তিনটি জখম রয়েছে, যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সড়কে পড়ে যাওয়ার কারণে তার কোমরেও আঘাত লেগেছে। আহতের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, গুলিবিদ্ধ নুর ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। তার শরীরে পিস্তল থেকে গুলি করা হয়েছে। তবে কেন কি কারনে এ ধরনের গুলির ঘটনা ঘটছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আমরা পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। পরিবারের সবাই ঢাকায় রয়েছে। ঢাকা যে হাসপাতালে চিকিৎসা হচ্ছে, সেখানে ঢাকার পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তার অবস্থা এখনও সংকটাপর্ন। সর্বোপরী তদন্ত শেষে গুলির কারণ ও হামলাকারীদের শনাক্ত করা যাবে।
