মোংলায় প্রকাশ্যে দখল তাণ্ডব! ১৭ বছরের বসতভিটায় সশস্ত্র হামলা, প্রভাবশালীদের ছত্রছায়ায় উচ্ছেদের চেষ্টা
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
মোংলা উপজেলার দিগরাজ বাজুয়া রোড এলাকায় দিনদুপুরে এক পরিবারের বসতভিটা দখলের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। সশস্ত্র একটি দল বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও জোরপূর্বক মালিকানার সাইনবোর্ড টাঙিয়ে উচ্ছেদের চেষ্টা করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে ১৮-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আওলাদ হোসেনের বাড়িতে প্রবেশ করে। গেট ভেঙে ভেতরে ঢুকে তারা ব্যাপক তাণ্ডব চালায়। পরিবারের সদস্যরা বাধা দিলে আওলাদের ছেলে তানিম আশরাফিকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ভুক্তভোগীর দাবি, ২০১০ সালে অনুপ অধিকারীর কাছ থেকে বৈধভাবে জমি কিনে সেখানে পাকা বাড়ি নির্মাণ করে পরিবারসহ প্রায় ১৭ বছর ধরে বসবাস করছেন তিনি। অন্যদিকে, প্রতিপক্ষ একটি পৃথক দলিলের ভিত্তিতে জমির মালিকানা দাবি করে আসছে। এ নিয়ে বিরোধ গড়ায় আদালতে। পরবর্তীতে তদন্তে প্রতিপক্ষের দলিল জাল প্রমাণিত হয় এবং বিষয়টি নিষ্পত্তি হয় বলে জানান আওলাদ হোসেন।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আবারও দখলচেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হামলার সময় বাড়ি ভাঙচুরের পাশাপাশি জোর করে নিজেদের মালিকানার সাইনবোর্ড স্থাপন করা হয়। যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ।
ঘটনার পরপরই মোংলা থানা-কে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা সরে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, বাড়ি দখলের চেষ্টা, মারধর ও জোরপূর্বক সাইনবোর্ড টাঙানোর ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এলাকায় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয়দের মতে, প্রকাশ্যে এমন সন্ত্রাসী কায়দায় বাড়িঘর দখলের চেষ্টা আইনের শাসনের জন্য হুমকি। প্রভাবশালীদের মদদে ভূমিদস্যুতা বন্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
