ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৌশিক দেবনাথ ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া এলাকার কৃষ্ণপদ দেবনাথের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কৌশিক দেবনাথ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ফকিরহাট বাজারের দিকে আসছিলেন। ঘটনাস্থলে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সাজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী কৌশিক দেবনাথ গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত কৌশিককে উদ্ধার করে উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
